
রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় একটি ক্লাবে গোপন অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে দায়িত্বপ্রাপ্ত এক কনস্টেবলও রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতের আদেশে তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে উপশহরের উত্তরা ক্লিনিক মোড়সংলগ্ন একটি ভবনে পুলিশের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল ও রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ওয়াহিদ মুরাদ (৪৭) এবং নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)।
অভিযানের বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার প্রধান কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উত্তরা ক্লিনিক মোড় এলাকার একটি টিনশেড ঘরে পুলিশ প্রবেশ করে। সেখানে ‘একতা সংঘ’ নামের একটি ক্লাবের ভেতরে জুয়া খেলা অবস্থায় ওই ১২ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।