
তিন দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে দেশের বৃহত্তম সেচ প্রকল্প নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে তিস্তা ব্যারাজ ও সংশ্লিষ্ট সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের শুরুতে স্থানীয়দের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান ভৌগোলিক অবস্থা, নাব্য সংকট এবং শুষ্ক মৌসুমে সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এ সময় পাউবোর কর্মকর্তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নদী সংস্কার এবং পানি সংকটের কারণে স্থানীয় কৃষি ও কৃষকদের ওপর পড়া নেতিবাচক প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
সফরে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এর আগে সফরসূচি অনুযায়ী সকালে রংপুর জেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে বিকেলে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন তিনি।