
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন—সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’
পুলিশ জানিয়েছে, আটক দুজনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।