
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ষাটোর্ধ্ব এক নারীকে ডেকে বাইরে নিয়ে পালাক্রমে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলাল সিকদার নামে এক রিকশাচালক ও নাসির মল্লিক নামে এক মোটরসাইকেলচালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চা খাওয়ানোর কথা বলে ওই নারীকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে অভিযুক্তরা তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ঝালকাঠি সদর থানায় খবর দেয়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেয় এবং তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়।
আটক বেলাল সিকদার ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা। অপর ব্যক্তি মো. নাসির মল্লিক বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী ঘটনার আগে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্তে হাসপাতালের সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।