
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়াসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার( ৯আগস্ট) রাত আটটার দিকে উপজেলার কাঞ্চন ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নৌ পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা-পুলিশ এ অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শীতলক্ষ্যা নদীতে একটি পিকনিকের ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলার থেকে বিদেশি মদের বোতল, বিয়ার, জুয়া খেলার সরঞ্জাম ও তাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া, পাড়াগাঁওয়ের বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি ও রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, মর্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর এবং চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত ও স্বপ্নাসহ মোট ২০ জন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকনিকের নামে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ট্রলারে থাকা সাত নারীকে নৃত্যশিল্পী পরিচয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরসহ গ্রেপ্তার ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। সেখানে তাঁদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।