
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে খোকন হাওলাদার নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) সকালে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ডসংলগ্ন শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করছিল পুলিশ।
তখন ওই দোকানে উপস্থিত কামাল, শ্যামল, আকিদুলসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। তারা দেশীয় লাঠিসোঁটা দিয়ে এসআই খোকন হাওলাদারকে এলোপাতাড়ি আঘাত করে আহত করেন।
একপর্যায়ে ঘটনাস্থলে আরও ১০ থেকে ১৫ জন এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেন। তারা ইয়াবাসহ হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়রা আহত এসআই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক অজিত কুমার জানান, এ ঘটনায় ১০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।