
"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের উদ্যোগে শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনের পর কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের সামনের এলাকা থেকে সরকারি মহিলা কলেজের সামনের সড়ক পর্যন্ত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম এবং ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল আবেদীন ডলার। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।
উদ্যোক্তা ও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন বলেন, “আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের ভিত্তি। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসি, তাহলে দেশ আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”
তিনি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে অতিথিরা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।