.jpeg)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে চাকায় বাতাস দিচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানটির চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।