
জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া শিবলুল হাসান (৩৮) উপজেলার জোনাইল পুজাঘাটি গ্রামের মৃত আব্দুল জলিল বিএসসির ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শিবলুল হাসানকে আটক করে থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিবলুল হাসানকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।