
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা নগরীর রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তি পলাশ চৌধুরী (৪৮), যার বাড়ি রাজশাহীর মালোপাড়া এলাকায়।
এদিন বিকেলে র্যাব-৫, রাজশাহী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নুর মোহাম্মদ (৩০)। তিনি অভিযোগ করেন, গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
এ ঘটনার পর নুর মোহাম্মদ গত ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি আরও ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। একই সঙ্গে তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানির শিকার হন।
র্যাব জানায়, মামলা দায়েরের পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার রাজশাহী থেকে পলাশ চৌধুরীকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি (পলাশ চৌধুরী) ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে গুলশান থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে র্যাব।