
ভারতে পালানোর চেষ্টার সময় যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
ফটিকছড়ি থানার একটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা এবং বায়েজিদ থানার একটি মামলাসহ মোট চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত সংশ্লিষ্টরা। শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরিন হীমা তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান।
এর আগে বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যশোর থেকে ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হয়।
উল্লেখ্য, যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টার সময় ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।