
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ রাসেল পেশায় একজন পিকআপচালক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী মনিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বুধবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, ভোরের দিকে রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাত-পা বেঁধে ধারালো দা দিয়ে পা ও পুরুষাঙ্গে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী। এতে তিনি গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল বলেন, "সকাল ৯ টার দিকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। তাই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।"
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, "দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী তার স্বামীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছেন। এসময় তার পুরুষাঙ্গের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে এবং শাশুড়ির করা মামলায় অভিযুক্ত স্ত্রী মনিকে গ্রেপ্তার করা হয়েছে।"