
নারায়ণগঞ্জ আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই যুবক।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশে একটি কালভার্টসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের মাসুমের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মানিক ইউসিবি ব্যাংক ও সিটি ব্যাংকের আড়াইহাজার শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলে করে বিশনন্দী ইউনিয়নের মানিকপুরে তাঁর মামা সাদ্দামের বাড়িতে যাচ্ছিলেন।
পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা চার ব্যক্তি মোটরসাইকেল থামাতে বলেন। তাঁদের একজনের পরনে ছিল পুলিশের পোশাকসদৃশ একটি কটি। প্রথমেই তারা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। বিষয়টি চেকপোস্টে তল্লাশির মতো মনে হওয়ায় মানিক প্রথমে কোনো সন্দেহ করেননি। মানিক বলেন,৪ জনের একজনের কোমড়ে পিস্তল ছিল। আমি মনে করেছিলাম পুলিশ।
এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। মানিক বাধা দিলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁর হাতে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “যত দূর জেনেছি, সেটি পুলিশের পোশাক ছিল না। ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত এক ধরনের কটি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে জোরদার অভিযান চলছে।”