
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত জিহাদ মন্ডল পলাতক রয়েছেন। শিশুটি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া গজিয়াপাড়া গ্রামের মুছা মন্ডলের ছেলে জিহাদ মন্ডল বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চার বছরের শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরে স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।