
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি হারিয়ে ধাপে ধাপে দুর্বল হয়ে পড়লেও সমুদ্রের উত্তাল ভাব এখনো পুরোপুরি কেটে যায়নি। দুর্বল লঘুচাপটির প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে বাংলাদেশের সমুদ্র উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং বন্দরগুলোর ওপর দিয়ে যেকোনো সময় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশের চার প্রধান সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (১৭ জুলাই) আবহাওয়া দপ্তরের জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সাধারণ একটি লঘুচাপ হিসেবে অবস্থান করছে।
সাগর উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে বিচরণরত মাছ ধরার ট্রলার ও সব ধরনের নৌকাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।