
বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা আট দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল। নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে থাকা সেন্টমার্টিনের অন্তত ১৪০ জন বাসিন্দা নিজ দ্বীপে ফিরতে সক্ষম হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে যাত্রী ও প্রয়োজনীয় পণ্য নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরে দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গত আট দিন এই নৌপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে সেন্টমার্টিনের বাসিন্দাসহ বিভিন্ন প্রয়োজনে টেকনাফে আসা অনেক মানুষ আটকা পড়ে দুর্ভোগে ছিলেন।
তিনি আরও জানান, শনিবার তিনটি ট্রলারে করে আনুমানিক ১৪০ জন যাত্রীকে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়েছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে যাত্রা করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতির উন্নতি হওয়ায় আটকে পড়া যাত্রীদের যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও ট্রলারের মাধ্যমে দ্বীপে পাঠানো হয়েছে।