
টানা বর্ষণে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় অন্তত ৫ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) আমেনা মারজান বলেন, এখন পর্যন্ত সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা থাকার তথ্য পাওয়া গেছে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। পানি নেমে গেলে পর্যটকদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলায় ২১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে সাজেকের সব পর্যটন স্পটে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। এরই মধ্যে বাঘাইছড়ির মাস্টার ঘোনা, রুপকারিসহ কয়েকটি নিম্নাঞ্চল পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হতে শুরু করেছে। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টির কারণে রাঙামাটি সদরসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সদর, বাঘাইছড়ি, রাজস্থলী ও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় ছোট আকারের ভূমিধস ও ভাঙনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।