
একের পর এক স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগ তুলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল জলিল তোতা। প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের বাড়িতে এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন আব্দুল জলিল। তার এমন সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুরুতে তিনি বিএনপির সমর্থক হিসেবে এবং পরে সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি একটি নির্বাচনী বুথের দায়িত্বও পালন করেন।
রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে আব্দুল জলিল বলেন, ‘২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। আট বছর পার হলেও সেই হত্যার বিচার পাইনি। এরই মধ্যে ২১ জুন আমার মামাতো ভাই, ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার আদৌ পাব কি না, তাও জানি না। বারবার স্বজন হারানোর কষ্ট আর বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে।’
তিনি বলেন, ‘এই রাজনীতি মানুষের মধ্যে বিভেদ আর রক্তপাত বাড়াচ্ছে। তাই আমি আর এই নোংরা রাজনীতির সঙ্গে থাকতে চাই না। নিজেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি শুধু একজন সাধারণ মানুষ হিসেবে শান্তিতে বাঁচতে চাই।’
আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায়বিচার চাই। আমার স্বজনদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
অন্যদিকে, আব্দুল জলিলের ঘোষণাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ। তিনি বলেন, ‘আব্দুল জলিল বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি দলের কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তাই তার ব্যক্তিগত বক্তব্য ও সিদ্ধান্তের দায় বিএনপি নেবে না।’