
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে বাংলাদেশের সংহতি রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ পূর্ণ সমর্থন নিয়ে রয়েছে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেকের অবস্থাই ছিল আশঙ্কাজনক। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের অনেকেই পথেই বা হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন।