
যশোর আদালতের বারান্দায় একটি মামলার বাদী ও বিবাদীপক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মনিরামপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী এবং কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।
আদালত সূত্রে জানা গেছে, সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে জাকারিয়া বুধবার আদালতে উপস্থিত হন। একই মামলার বিবাদী হিসেবে হাজির ছিলেন অপর তিনজন। মামলার চার্জ শুনানি শেষে উভয়পক্ষ আদালতের বারান্দায় বের হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনাটি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দিয়ে চারজনকে আটক করান। পরে কোতোয়ালি থানাকে অবহিত করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ১৫১ ধারায় তাদের আটক করে তদন্ত সম্পন্ন করে। এরপর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ ঘোষ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত বাদী ও বিবাদীপক্ষের চারজনকেই সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর হোসেন জানান, আদালতের বারান্দায় মারামারির ঘটনায় চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।