
নেত্রকোনা ও সিলেটে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে তিন জেলে এবং নেত্রকোনার কেন্দুয়ায় দুই ব্যক্তি প্রাণ হারান।
বৃহস্পতিবার (১৮ জুন) এসব দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে নিহত দুজন হলেন শামসুল হুদা ও আশরাফুল ইসলাম। শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের বাসিন্দা। তিনি মুড়াই বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
অন্যদিকে, সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামকে মরাপুড়ি ডোবা এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেদী মাকসুদ জানান, বজ্রপাতেই দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের জুড়ি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির মিয়া (৪০), হামিদ (৪৫) ও কাবিল (৩৫)। হামিদ ও কাবিল আপন দুই ভাই। তবে কাবিলের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে হাকালুকি হাওড় এলাকায় মাছ ধরতে যান ওই তিন জেলে। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই ছাবির মিয়া ও হামিদের মৃত্যু হয়। কাবিল নদীতে পড়ে নিখোঁজ হন।
আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, নিহত তিনজনের মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার হওয়া দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।