.jpeg)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেতধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রুবেল মিয়া তার এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পাকা সড়কে পড়ে যান।
এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনায় রুবেল মিয়া মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের একজন ছিলেন রুবেল। দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে কাজ করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।