
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রাজিব মাঝি (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার মধ্য মাকুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিব মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার ওবায়দুল্লাহ মাঝির ছেলে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের মধ্য মাকুহাটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মো. রাজিব মাঝি ওরফে নয়ন মাঝির দোকানের ফ্রিজ থেকে একটি লোহার তৈরি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিতলের তৈরি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।