
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আবু সুফিয়ান তালহা, উশু প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী রাজশ্রী বণিক, সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী অর্পিতা বিশ্বাস, সাঁতারে দ্বিতীয় স্থান অর্জনকারী তনিমা আক্তার এবং কারাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ফাইজা মরিয়ম পড়শির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় সৈয়দা নুরমহল আশরাফী বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।