
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী ও পদধারী নেতা হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন, জীবন (৩৪),মো. আলম, মো. সোহেল (৪৪),আয়নাল মিয়া (৪৫), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই ধরনের বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।