
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তবর্তী কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন (৪২) এবং শাহীন (২৮)। আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে যান এবং সেখানে বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করেন। পরে বুধবার রাতে তারা বসন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুইজনই গুলিবিদ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।