
পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জারি করা হয়েছে বিশেষ বিধিনিষেধ। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই যানবাহন ও সাধারণ প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল—সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল গেট আবার উন্মুক্ত করা হবে।
এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নীলক্ষেত গেট ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
এছাড়া স্টিকারযুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট ব্যবহার করে প্রবেশের অনুমতি পাবে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন নির্ধারিত সময়ে ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
নববর্ষের দিন বিকাল ৫টা থেকে আবারও ক্যাম্পাসে সাধারণ প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন, প্রবেশের সুযোগ থাকবে না। এই বিধিনিষেধ রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।
এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সব অনুষ্ঠান শেষ করতে হবে। এর পর আর কোনো উন্মুক্ত স্থানে কার্যক্রম পরিচালনা করা যাবে না।