
ময়মনসিংহ শহরে এক মর্মান্তিক ঘটনায় ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী ও শিক্ষকদের মাঝে।
নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। পারিবারিক সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজ বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোক বিরাজ করছে।
পারিবারিক তথ্য অনুযায়ী, রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ময়মনসিংহ শহরের একটি বাসায় ভাড়া থাকতেন।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, "আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"