
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভোলা জেলা পুলিশ। যাত্রীদের সুবিধার্থে ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত চালু করা হয়েছে একটি ‘ফ্রি বাস সার্ভিস’।
সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই সেবার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। সভায় বিভিন্ন পরিবহন, লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ ও সাধারণ মানুষের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা আনতে তিনি সিএনজিচালিত অটোরিকশায় চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ ঘোষণা করেন এবং তিনজনের বেশি যাত্রী বহন না করার নির্দেশ দেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিবহন মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি যানজট কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানানো হয়।
জরুরি পরিস্থিতিতে অসুস্থ যাত্রীদের সহায়তার জন্য ‘ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স’ সেবা রাখার বিষয়টিও তুলে ধরেন পুলিশ সুপার।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘বডি ওন ক্যামেরা’ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মো. শহিদুল্লাহ কাওছার।
এ সময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।