
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিষয়টি মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল নিশ্চিত করেন।
শিশু ইরা শনিবার সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।
পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরাতে। যেখানে তাকে উদ্ধার করা হয়েছে, সেই স্থান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। শিশুটি একা সেখানে যেতে পারেনি; সম্ভবত কেউ তাকে ফুসলিয়ে ওই স্থানে নিয়ে এসেছে।
উদ্ধারকালে সড়ক সংস্কারের কাজে থাকা শ্রমিকরা আহত অবস্থায় শিশুকে দেখে উদ্ধার করে, রক্ত বন্ধ করার চেষ্টা করে এবং দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।