
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় 'কক্সবাজার এলপিজি স্টেশন' নামক একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আগুনের তাণ্ডবে পার্শ্ববর্তী আদর্শ গ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টাতেও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। একের পর এক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং এখন পর্যন্ত ২০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২৫শে ফেব্রুয়ারী) স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই পাম্প সংলগ্ন এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রাথমিকভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও এর ঘণ্টাখানেক পর হঠাৎ বিকট শব্দে পুনরায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের জনবসতিপূর্ণ এলাকা আদর্শ গ্রামে ছড়িয়ে পড়ে।
.jpeg)
অগ্নিকাণ্ডের ফলে কক্সবাজারের প্রধান সড়ক ও মেরিন ড্রাইভ সংযোগস্থলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে পর্যটন নগরীর প্রবেশমুখে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক মোর্শেদ আলম জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি টিম একযোগে কাজ শুরু করে। তবে গ্যাস পাম্প থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.jpeg)
বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।