
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল। মায়ের মৃত্যুতে দীর্ঘ দিন ধরে কারাবন্দি থাকা আপন দুই ভাই পাঁচ ঘণ্টার জন্য পেয়েছিলেন মুক্তি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে প্যারোলে মুক্তি পায় তারা। পরে পানের ছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় তারা দু’জন অংশ নেন। এসময়ের তাদের হাতে ছিল হাতকড়া এবং পাহারায় ছিলেন পুলিশ সদস্যরা।
জানাজার মাঠে অশ্রুসিক্ত নয়নে বড় ভাই ফরিদুল আলম বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি করায় আমরা ষড়যন্ত্রের শিকার, এলাকায় কারো ক্ষতি করিনি। মরহুমা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আবার ফিরে আসব আমরা।’
স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, দুইভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা, প্রথমে একটি মামলায় জামিন হলেও ফের গ্রেপ্তার হয়ে দুই ভাই গত আড়াই মাস ধরে কারাগারে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিকটাত্মীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা মুক্তি পেয়েছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।