
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর নিষেধ অমান্য করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ায় ঘরছাড়া হয়েছেন ৫৫ বছরের তারাফুল বেগম। এমনকি স্বামী তাকে মৌখিকভাবে তালাকও দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেদিন থেকে তারাফুল বেগম স্বামীর বাড়ি ছাড়ে এক আত্মীয়ের ঘরে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, তারাফুলের স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির একজন কর্মী। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তিনি আত্মীয়ের বাড়িতেই ছিলেন।
তারাফুল বেগম বলেন, “অন্তত ৩৩ বছর ধরে স্বামীর সংসারে বসবাস করছি। আমাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এবার নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এমনকি মৌখিক তালাকও দিয়েছেন। এখন আমি এক আত্মীয়ের বাড়িতে থাকছি।”
জানতে চাইলে সৈবুর রহমান বলেন, “আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় আমি স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়েছি। আমি চাই তাকে ফেরত আনতে, কিন্তু তিনি ফিরতে চান না।”
এ ঘটনায় জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তারাফুল খাতুনকে তালাক দেওয়া হয়েছে, তাই দল তার সব প্রয়োজনেই পাশে থাকবে।”
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, “ভোট দেওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ব্যবহার করার কারণে সৈবুর রহমান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।”