
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতের দিকে যাওয়ার সময় ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ সকালে বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ এবং একজন শিশু রয়েছেন।”
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ঢাকা, যশোর, মাগুরা ও মাদারীপুর জেলার বাসিন্দা। তাদের পরে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
একই দিনে বেনীপুর, মাদবখালী ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭৬৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।