
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরি সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম।
স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের বেলায় মালিগাও গ্রামে হাঁস চুরির অভিযোগ ওঠে। রাতে আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন সন্দেহভাজন সাইদকে আটক করে মারধর করেন। মারধরের এক পর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়েন। রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম বলেন, “হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।”