
বরগুনার আমতলী উপজেলায় একই রাতে দুটি সরকারি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপজেলা কৃষি অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় থেকে কম্পিউটার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা ঘটেছে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরেরা অফিস ভবনের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে প্রবেশ করে। তারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উচ্চমান সহকারীর কক্ষসহ মোট তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ও ড্রয়ার খোলে এবং একটি ল্যাপটপ চুরি করে নেয়।
এদিকে, একই রাতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়েও চুরি হয়েছে। সহকারী প্রকৌশলী মো. সোহাগ মিয়া জানান, চোরেরা মূল ফটকের তালা ভেঙে অফিসে প্রবেশ করে এবং দুটি কক্ষের তালা ভেঙে কাগজপত্র ছড়িয়ে দেয়। তবে কার্যালয়ে নগদ অর্থ না থাকায় তারা কোনো চুরি করতে পারেনি।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। এছাড়া সিসি ফুটেজ বিশ্লেষণসহ জড়িতদের শনাক্ত ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।