
লন্ডনে নাহিদ ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নিজেদের বিশ্বের কাছে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম উল্লেখ করছে না। অথচ অতীতে কোথাও নাশকতার ঘটনা ঘটলে এসব গণমাধ্যমই জামায়াতের তাণ্ডব কিংবা বিএনপির অগ্নিসন্ত্রাস উল্লেখ করে শিরোনাম করত।
বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি বলেও মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, ‘যদি তাই হতো তাহলে ২০২৩ সালের অক্টোবর ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।’
হাসনাত আব্দুল্লাহর দাবি, ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের ত্যাগ ও সংগ্রামের কারণেই আওয়ামী লীগের বিদায় হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় নেতারা।