
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাত মসজিদ রোড-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া কেউ আছে কি না, সে বিষয়েও খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।