
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (২৮ মে) রামিসাদের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। ঈদের দিন নিহত শিশুটির পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় যান রুহুল কবির রিজভী।
এ সময় রামিসার বাবার কান্নায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে সবসময় রামিসার পরিবারের পাশে থাকা হবে।
এ সময় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।