
রাজধানীসহ আশপাশের এলাকায় সোমবার (১১ মে) দুপুরের আগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৮৮ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২২ দশমিক ৫ ডিগ্রিতে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।