
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তারা ভিমরুলের কামড়ে আহত হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলো উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিবর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খেলতে বের হয় ওই দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এ সময় ভিমরুলের দল তাদের কামড় দেলে তারা গুরুতর আহত হয়।
তাদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুুপুরে আহত দুই শিশু মারা যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।