
ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহিদ হাদি চত্বর এলাকাতেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে ঘিরে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন স্বাগত মণ্ডল।
এরপর ডিবেটিং সোসাইটির নতুন কমিটিতে পদ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মেসেঞ্জারে ইমন হোসাইন সবুজকে হুমকি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
অভিযোগ রয়েছে, এরই ধারাবাহিকতায় আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গালাগাল ও মারধরের উদ্দেশ্যে খুঁজতে থাকেন। পরে দুই বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় উত্তেজনা ক্যাম্পাসের নিউমার্কেট ও শহিদ হাদি চত্বর এলাকাতেও ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সঙ্গেও আইন বিভাগের শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে।