
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী আর নেই। দীর্ঘদিন অস্থি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন।
সোমবার (১৫ জুন) সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নূর নবী দীর্ঘদিন ধরে অস্টিওসারকোমা নামের বিরল ধরনের অস্থি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি কৃত্রিম পা নিয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার এই সংগ্রামী জীবন সহপাঠী ও শিক্ষকদের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছিল।
এর আগে নূর নবী জানিয়েছিলেন, ২০১৮ সালে প্রথম তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। দেশে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ভারতে চিকিৎসা নিতে হয় এবং একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি ক্যান্সার আবার ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়ে।
তার পরিবার জানিয়েছিল, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বাড়ি-জমিসহ প্রায় সব সম্পদ বিক্রি করতে হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা নিজেও স্ট্রোকে আক্রান্ত হওয়ায় পরিবারটি আরও বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর নূর নবীর চিকিৎসা সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনেক শিক্ষক এগিয়ে এসেছিলেন। কিন্তু এত প্রচেষ্টার পরও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জবির এই অদম্য শিক্ষার্থী।
নূর নবীর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার সংগ্রামী জীবন স্মরণ করে শোকবার্তা দিচ্ছেন।