
দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে দেশে। রোববার (২৮ জুন) দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায় জুন মাসের শেষ এই চালান।
ডিপো সূত্রে জানা গেছে, এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল। পাইপলাইনের মাধ্যমে পরিবহন শেষে রোববার তা পার্বতীপুর ডিপোতে পৌঁছে। এর আগে মে মাসে একই পাইপলাইনের মাধ্যমে দুই দফায় মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আনা হয়।
পার্বতীপুর ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিয়মিত আমদানি কার্যক্রমের অংশ হিসেবে গত ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে ডিজেল পাম্পিং শুরু হয়। পরে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।
বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গত এপ্রিল মাসে তিন দফায় মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। পরে ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পার্বতীপুরে পৌঁছানো ৭ হাজার মেট্রিক টনের চালানটিই চলতি জুন মাসের শেষ ডিজেল চালান।