
শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন নৌসেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জাহাজ থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। “প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ কিছু নৌসেনাকে প্রাণে রক্ষা করা সম্ভব হয়েছে,” তিনি বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, জাহাজটি ১৮০ জন ক্রু বহন করছিল এবং আহত নৌসেনাদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজটি কেন ডুবে গেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দূর্ঘটনাকবলিত জাহাজটি ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ‘আইরিস দেনা’ হিসেবে চিহ্নিত। স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকেরা জানিয়েছে, জাহাজটি শ্রীলঙ্কার গল শহরের কাছাকাছি অবস্থানকালে বিপদের মুখে পড়ে সাহায্য চেয়ে সংকেত পাঠায়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে চলমান সামরিক উত্তেজনার কারণে এই ঘটনায় আন্তর্জাতিক মনোযোগ বেড়েছে।
আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা এটিকে প্রধানত কারিগরি ত্রুটির ফল হিসেবে দেখছেন, তবে অন্তর্ঘাতমূলক হামলার সম্ভাবনাও পুরোপুরি অস্বীকার করা হয়নি।
বর্তমানে উদ্ধার হওয়া নৌসেনাদের চিকিৎসা চলছে, এবং নিখোঁজ বাকি সদস্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জাহাজের বর্তমান অবস্থা বা পুরোপুরি ডুবে গেছে কি না, তা নিশ্চিত করতে আরও সময় লাগবে।
সূত্র: দ্য গার্ডিয়ান