
দেশের ব্যাংক খাতে মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন শ্রেণিকৃত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। মাত্র তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণও বেড়ে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর আগে গত জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে এর প্রায় চার গুণ।
গত জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাসের ব্যবধানে তা বেড়ে সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে। অর্থাৎ এক প্রান্তিকে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। একই সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে।
খেলাপি ঋণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকা
সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। গত জুন শেষে এই অঙ্ক ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। ফলে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে হয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংক খাতের মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। এ ছাড়া বিশেষ নজরদারিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের (এসএমএ) ঋণের পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকা
খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণেও বড় ঘাটতি দেখা দিয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। কিন্তু এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
তবে গত জুনের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। ওই মাস শেষে এই ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সঙ্গে প্রভিশন কভারেজ অনুপাতও বেড়েছে। জুনে এই অনুপাত ছিল ৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশে।
খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন সংরক্ষণে বড় ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ঋণ আদায়ের পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।