
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই সামনে এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
নতুন নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।