
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনের প্রার্থী চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তারা আগামী ১৫ সেপ্টেম্বর দলের নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর সংগ্রহ করা মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহ করা হবে।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি একটি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে।