
চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দৈনিক গড় রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড করা হয়।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।