
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে দেশীয় প্রযুক্তির মাধ্যমে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রাধিকারভিত্তিক যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন শুরু হলে আগামী এপ্রিলের শেষ নাগাদ নগরবাসী কিছুটা হলেও সুফল পাবে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ধাপে ধাপে ট্রাফিক সিগন্যালগুলোকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাফিক সিগন্যাল অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীতে যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাতায়াতে সময় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।